
SALESFORCE PARK সানফ্রান্সিসকো
ছেলেবেলা থেকে শুনছি, প্রাচীন যুগে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো… ব্যবিলনের ঝুলন্ত উদ্যান। ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ব্যবিলন শহরে খ্রীষ্টপূর্ব ৬০০ শতাব্দীতে সম্রাজ্ঞীর প্রেরণায়, সম্রাট নেবুচাদনেজার এই বিস্ময়কর উদ্যান নির্মাণ করান। মোট৮০০ বর্গফুট ক্ষেত্রফলের ভিত, জমি থেকে ৮০ ফুট উঁচু, চার হাজার শ্রমিকের রাত দিনের পরিশ্রমের ফসল এই বিস্ময়কর পুষ্প উদ্যান। ( গ্রীক ঐতিহাসিক হেরোডোটাসের দাবি, এ ছিল লম্বায় ৯০ কিমি, চওড়ায় ২৪ মিটার, উচ্চতায় ৯৭ মিটার )। ৫-৬ হাজার বিভিন্ন প্রজাতির ফুলের তদারকি করতেন ১০৫৬ জন মালী ।
আমি ত দেখিনি, শুধু শুনেছি আর কল্পনায় ভেসেছি।

এবার চতুর্থবার আমেরিকা বেড়াতে এসে, দেখলাম এরকমই এক প্রতিচ্ছবি —- ২০১৯ সালে স্থাপিত, সান ফ্রান্সিসকো শহরের বুকে, Salesforce Transit Centre এর ওপর নির্মিত Salesforce Park. এটি একটি ECO Park…
সান ফ্রান্সিসকো শহরে চারদিকে ৯০-১১০তলা সুবৃহৎ অট্টালিকাদের মাঝে, মাটি থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে, প্রায় ৫ টি প্রমান মাপের ফুটবল মাঠের সমান ক্ষেত্রফল যুক্ত সুরম্য উদ্যান —- শহরের ফুসফুস।

বিখ্যাত Software Company , যারা Customer Relationship Management সংক্রান্ত বিষয়ের জন্য জগদ্বিখ্যাত —সেই Salesforce সংস্থার উদ্যোগে এটি তৈরি। এদের বাৎসরিক turn over প্রায় ৩৮ billion dollar.

সেদিন বিকালে ঠান্ডা হাওয়ায় অনুভব করছিলাম এক নৈসর্গিক ভ্রমণের নীরব তৃপ্তি। শান্ত, নীরব সবুজের সমারোহ, চারদিকে পাখির কাকলী, মানুষ হাঁটছে দলে দলে অথচ কলরব নেই, সবুজ – গাঢ় সবুজ.. কালচে সবুজ বনাঞ্চল চিরে চিরে চলেছি অনন্ত পিপাসায়… যা দূরের গগনভেদী অট্টালিকা দের বিদ্রুপ করে অনায়াসে, নিজস্ব স্বাতন্ত্র্যে মাথা উঁচু করতে শেখায়, যা দীর্ঘ প্রশ্বাসের রসদ যোগায়। ৬০০ টি বৃক্ষ, ১৬০০০ বিভিন্ন প্রজাতি র উদ্ভিদ, ৩০০ প্রজাতির ক্যালিফোর্নিয়ার নিজস্ব আদিম দেশীয় ঘাস।

এই ঘাস ছাড়াও রয়েছে জিংকগো বিলোবা, পাইন, ক্রিসমাস ট্রি, সাইকাস এর উপস্থিতি… এককথায় এদের বলা হয় জীবন্ত ফসিল, কেননা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এদের অস্তিত্ব বহমান। বিশেষ করে ক্যালিফোর্নিয়া র এই ভ্যালিতে প্লাইস্টোসিন যুগে একদিন ম্যামথ জাতীয় প্রাণীর চারণ ভূমি ছিল ভাবলেই শিহরণ হয়। এই ঘাসের বিশেষত্ব ছিল এরা তুষারপাত হলেও বৃদ্ধি পেতো।

Salesforce পার্ক তৈরি র খননকার্য চলাকালীন পূর্বদিকে ১১০ ফুট নীচে প্লাইস্টোসিন যুগের কলম্বিয়ান ম্যামথের দাঁত ও Vertebrate bone fragments পাওয়া যায়। এছাড়াও, Gold Rush সময়ের ওষুধের বোতল, পোর্সিলিন পুতুল, bone tooth brushes পাওয়া যায় — যেগুলো তৎকালীন জীবনযাত্রার সাক্ষ বহন করে। এসবই, Academy of Sciences এ রক্ষিত আছে।

পার্কে , জমি থেকে ১০০ ফুট ওপরে বিশেষভাবে প্রস্তুত 3ফুট মাটির স্তরে Red Wood Canopy রয়েছে । এখানে বাড়ছে ছোটো গাছ, ঝোপ বিশেষ করে Tanbank Oak.

ঘুরে ঘুরে দেখলাম, প্রায় ২৫ রকমের স্থিতিস্থাপক বা সহনশীল ওক গাছ যা জীববৈচিত্র্যের সহায়ক।
চারিদিকে দেখছি আর ভাবছি… মানুষের ইচ্ছাশক্তি কিভাবে একটা যুগকে, জীববৈচিত্র্য কে, ইতিহাসকে , আবহাওয়া আর পুরোনো গল্পকে ধরে রেখেছে মানুষের ই জন্যে…
হাঁটছিলাম ধীর লয়ে, হঠাৎ পথের পাশে একাধিক ফোয়ারা জেগে উঠলো —- সাময়িক ঝর্ণা — চমকে গিয়েছিলাম, খোঁজ নিয়ে জানলাম, নীচে রয়েছে বাস টার্মিনাস, যখনই বাস ডেক দিয়ে বাসের চলাচল, তখনই sensor এর মাধ্যমে জলস্রোত চালু। দারুন মজার… এটি পরিবেশবিদ ও আর্টিস্ট Ned Khan এর অনবদ্য সৃষ্টি।

সব কিছু ত বলা হলো না। সব দেখা ত বর্ণনায় আসে না, আরোও কত কী রয়ে গেল বাকী। আবার আসবো। ভ্রমণ, ব্যায়াম, বিশ্রাম, মনঃসংযোগ, বুকভরা প্রশ্বাসের জন্য আসবো।
একটাই প্রার্থনা : ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজার সঙ্গে ভয়াবহ যুদ্ধে যেভাবে “ব্যবিলনের ঝুলন্ত উদ্যান” ধ্বংসপ্রাপ্ত হয়েছে — এখানে যেন তা না হয়।
অটুট থাক, SALESFORCE PARK.


প্রবন দা,SALESFORCE PARK ভ্রমণ খুব ভালো লাগলো! আপনার গদ্য রচনা খুব বেশি পড়িনি, তাই
অনুরোধ আরো লিখুন।
খুব ভাল লাগল।