আমি টের পাই
কারা যেন আঁধার বুকে চেপে
নীরবের দিকে হেঁটে যায়
কার অদৃশ্য ইশারার মন্ত্রবলে
কালো দেখায় সাদা
ছাতা ঢেকে রাখে বজ্রের আস্ফালন

ঐতিহাসিক ভুলের লাশ বয়ে চলেছে সময়
আক্ষেপের ঘুণ পোকার অবিরল শব্দ
প্রায়শ্চিত্তের কৌশল জানা নেই
দ্রুত বদলে যাচ্ছে কেবল তারিখ

পথ গন্তব্যহীন
শুধুই ম্যারাথন দৌড়
আজ তন্ন তন্ন করে খুঁজে চলেছি
সেই পরমতর অনাগতকে
যার আস্তিনে লুকানো রয়েছে
ম্যাজিক ইরেজার!

তোমার ক্ষণিক ছোঁয়ায়
খেলে যায় বিদ্যুৎ তরঙ্গ

আমার যা কিছু অশ্রুময় শোক…
না পাওয়ার বেদনা…
জীবন-পথের কাঁটা ও কাঁকর
রঙিন প্রজাপতি হয় নিমেষে
মেখে নেয় অপরাজিতার নীল
আর আমি রাজহাঁসের গান থামিয়ে
হই নাইটঙ্গেলের সুরের মূর্ছনা

তোমার ক্ষণিক ছোঁয়ায়
অন্ধকার থমকে যায়
নতুন আলোর ছন্দে!


সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের আগের রচনা]

[পরম্পরা ওয়েবজিন, আগস্ট ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]