
সুযোগ
শীর্ণকায় মেয়েটা বোনের সাথে রোজ ট্রেনে ওঠে, অফিস টাইমের পর। এ কামরা থেকে ও কামরা, গেটে দাঁড়ানো পুরুষ ঠেলে। তবে চট করে কাউকে কোনো মন্তব্য করতে শোনা যায় না।
চুল বা মুখে শ্যাম্পু সাবান এর চিহ্ন ব্রাত্য। গলায় ঝোলে ব্যাটারি স্পিকার। বাজতে থাকে,
‘সব কুছ ভুলা দিয়া, ইয়ে ক্যায়সা সিলা দিয়া ‘, আর নানা দর্দ ভরি নগমে। হাত পাতলে কেউ কপালে আঙুল ছোঁয়ায়, কেউ আগে থেকেই ঘুমানোর ভান করে, কেউ মুখ ঘুরিয়ে অন্যদিক তাকায়। দুই, পাঁচ, দশ জুটে যায় ।

কোনোদিন কিছু দিই না। আজ অজান্তেই পাঁচশো টাকা বের করে দিলাম।
কানে মুখ রেখে বললাম, ‘ইচ্ছে করে ছেঁড়া জামা পরিস না ‘। নিজের কাছেই কেমন ঠেকলো যেন, বেমানান। হালকা ভাবে অন্য কথা বললাম, ‘গান বেসুরো হলেও নিজে দু লাইন গাইবি ‘।
টাকাটা আমার হাতে গুঁজে দিয়ে বলল, ‘তুমি তাকিও না ‘।
নেমে চলে গেলো পরের কামরায়।

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

খুবই ভালো লাগলো কৌশিক বাবুর লেখা।
অনেক শুভেচ্ছা