
বেঁচে থাকার গল্প
অনাবিল শব্দেরা ভেসে আসে
চুপ করে থাকি,
অনন্ত বিচ্ছেদ বলে কিছু হয় না
শব্দের কাছে নতজানু আমরা প্রত্যেকে
আবার নীরবতার কাছেও,
প্রত্যেকটা মুহূর্ত বেঁচে থাকতে চায়
মৃত্যুকে উপত্যকার মধ্যে
প্রত্যক্ষ করেও,
কিছু মৃত মানুষ
অহং বোধকে আঁকড়ে ধরে
ভাবে বেঁচে আছে,
ভীষন শব্দ করে
বেঁচে আছে,
আসলে জানেই না
বেঁচে থাকতে হয় নীরবে,
অনাবিল শব্দেরা ভেসে আসে
আমি চুপ করে নতজানু হয়ে
তাদের আলিঙ্গন করি,নিঃশব্দে,
আমি নীরবে বেঁচে থাকতে পারি
অক্লেশে জীবনকে আঁকড়ে
নীরবতায় বেঁচে আছি, আজও।

অভিমান এবং তারপর
ভালোবাসি বললেই কোনো কিছু বলা হয় নাকি?
ভালোবাসি বললেই সুদূরের মেঠোপথে
হেঁটে যাওয়া কোনো এক রাখল বালক
দিগন্তে বিলীন,
ভালোবাসি বললেই
ছোট্ট এক ইস্টিশানে
নেমে পড়া নিঝুম দুপুরে,
ভালোবাসি বললেই কিছু পুরনো চিঠি,
ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকে,
যাদের ছিঁড়ে ফেলা যায়না, ফেলে দিলেও,
ভালোবাসি বললেই
কোনো কিছু বলা যায় নাকি?
ভালোবাসি বললেই, অগুণিত অভিমান
গচ্ছিত আছে যেই কিশোরীর বুকে,
যার কাছে চুপিচুপি প্রতিদিন
নিজেকে হারিয়ে ফেলে সে
নির্বাক নিশ্চুপে,
সেই শব্দহীন প্রেম খেলা করে।
ভালোবাসি বললেই আসলে
কিছুই বলা, যায় না কখনো,
শুধু কোনো জোছনার ভিড়ে,
শব্দহীন স্তব্ধতার পারে,
এক অদ্ভুত পদ্ম ফুটে ওঠে,
যার কাছে ভালোবাসা চুপ করে
বসে থাকে, ধরা দেবে বলে।
ভালোবাসি বললেই কোনোকিছু বলা হয় নাকি?
অহেতুক বৃথা বাক্যব্যয়,
ভালোবাসা শব্দহীন নীরব নিশ্চুপ।

