আমি  দুরূহের পাশে রাখলাম সরল
অসুখে এঁকে দিলাম জীবন
রক্ত চক্ষুর আগুনে জ্বলতে জ্বলতে
নত মস্তক উঠিয়ে মেলে ধরি
দু ভুরুর মাঝের নয়ন
সুগন্ধি ফুল ধরি নাকের কাছে
কত সবুজ চারিপাশে
অথচ কত প্রশ্নবোধক বাক্য
কারকাসের মত ঝুলে থাকে তার মাঝে
তাই আমি প্রশ্নের পাশে রাখি নিরবতা
ভালোবাসা দিয়ে বেঁধে রাখি ছিন্নমূল

তেমন ভাবে ডাকলে কেন আসব না?
আঁকশি দিয়ে মেঘ সরালে
দিনটা রোদে ঝলমলালে
কেন আবার মনটা খুলে হাসবো না?
তেমন ভাবে ডাকলে কেন আসব না?

তুমি কি হবে শীত শহরে পশমিনা
বিজন ক্যাফেতে ডাক যদি 
ক্যাপুচিনোয় গল্প নদী
দেখবে তুমি সরল ভাবে  বয় কিনা?
তেমন ভাবে ডাকলে কেন আসব না?

হও যদি বা আমার জ্বরে সিঙ্কোনা,
প্রজাপতির রঙিন ডানা
মেলে মুছবো ভুল ঠিকানা
পরাগ রেণু  কেন এ গায়ে মাখবো না ?
তেমন ভাবে ডাকলে কেন আসব না ?

তেমন ভাবে বাড়ালে হাত ধরবো না?
আঁধার রাতে জ্বেলেই আলো
যদি দখিন বাতাস ঢালো
কেন তোমায় ভীষণ ভালোবাসবো না ?
তেমন ভাবে ডাকলে কেন আসব না?

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, অক্টোবর ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]