
আগামীকাল
গোধুলি নিক্ষেপ করে চলে গেলে
রাত পাহারায় থেকে যাব
নানান কিসিমের প্যাঁচা আর জোনাকিদের
জলসাঘরে কাটাব সময়
ধুলোমাখা শহরের চুপকথা শুনব
আর ভাবতে থাকব
আগামীকাল
অতীব সুন্দর, নতুন বায়স্কোপ।

আইন ও হিলারি স্টেপ
ইন আছে
আইনের ফাঁকও আছে
ঐ ফাঁক দিয়ে পালিয়ে গেলেই
আপনি বেকসুর
তবে
এটুকু মনে রাখবেন
আইন সকলের জন্য সমান
তবে
আইনের ফাঁক টুকু সকলের জন্য
সমান নয়
ঐ ফাঁক দিয়ে
আপনি বেরিয়ে যেতে পারবেন না
আপনার লাগবে গাইড
একজন ভালো শেরপা
এখন
নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন
হিলারি স্টেপ
পেরিয়ে যাওয়া কতটা সহজ।

