
ফেরা
বিদায়ের কথা ভাবলেই মায়া এসে বসে ইচ্ছের পাশে। তারপর ঝুমঝুমি বাজে ,গুনগুন গান হয়।একটু আধটু হাতের কোমল চাপড়;
বিদায়ের ইচ্ছে ঘুমিয়ে পড়ে শিশু হয়ে ।
জালের ভেতর হাত পা ছোড়া পোকা হয়ে ,ভুল ভালবাসার ফাঁদে আটকে পড়লে ভালবাসা নিস্তেজ হয়ে হত্যার জন্য অপেক্ষা করে। মায়া এসে চোখের ওপর পর্দা ঝোলায়।
দেহতত্ত্ব ঝরে পড়ে জালের ফাঁক দিয়ে। গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে যায় হাওয়ায়। নিষিক্ত করে ফুলের রেণু।
পুরুষ কেশর , গর্ভ কেশর
আবার সেই একই বৃত্তান্ত
পেন্ডুলাম হয়ে দুলতে থাকে সময়।

মুক্তি
চৌকাঠের মায়াডোর কাটিয়ে ভেসে যাই
এ দেহ স্বচ্ছ বাতায়ন
সকালের উত্তীর্ণ রোদ্দুর ছাড়িয়ে
নির্বাক শূন্যতার ভাঁজে ভাঁজে
হরেক বন্ধন মেনে থেকে গেছি বহুদিন
এভাবেই নিভৃতির অন্তরালে
লুকিয়ে রাখা কিছু কল্লোল
গোপন কুঠুরি ভরে থাকে মেয়াদ
উত্তীর্ণ প্রেমের চিঠিতে
সব গ্রন্থি খুলে দিই
অচ্ছেদ্য পাখির জীবনে ভেসে যাই

