
পরশ

দিগন্তে জমা মেঘ
সাগরের বুকে ঢেউ
অন্তহীন আকাশপথ
ইচ্ছেরা জলে মিশে যায়…
যতদূর যায় দৃষ্টি-
ততদূর জীবনের গতিপথ;
অজানা পথের বাঁকে বাঁকে
জাগে শিহরণ!
সমুদ্রের চোখে চোখ রেখে
আমার মরণ।
ছুঁয়ে যাওয়া জলের পরশ
সময় কখনও কালো,
কখনও জমকালো;
মেঘ পার করতে করতে
মিঠে হাস্যে চাঁদের আলো।

যাপন
সব শীতের শেষে
আসে না বসন্ত।
কিছু হঠাৎ চেনা
অচেনাই থেকে যায়।
মানুষ রূপে আজও ঘোরে
অত্যাচারী, লোভী, অমানুষেরা;
ক্ষতের জীবন
সময় নেয় ছন্দে ফিরতে।
জীবন বড়ো
নিঠুর খেলা খেলে!
রোদেলা কোণের খোঁজে
প্রতিদিনগুলো মরে!!

