মরণের পর কি হবে আমার, স্থান হবে কোথায়
মেঘের দেশে নাকি দূর ছায়াপথের আস্তানায়
নদীর ঢেউয়ে নাকি মাটির বিভিন্ন ভাঁজে
বাতাস এ প্রশ্ন শুনে বিরক্ত ও ক্লান্ত বহুদিন
নিঃশব্দে যেখানে নিয়ে যাওযার নিয়ে যায়।

কেউ বলে জান্নাত কেউ বলে স্বর্গ কেউ হেভেন
সবাই আঁকে মনভোলানো কল্পলোকের ছবি
কেউ সাক্ষী দেয় না ছবি নিয়ে ফিরে এসে
কেউ চায় না প্রমাণ, অন্ধ বিশ্বাসী হয়ে সুখী যারা
গল্পকথার পুলিপিঠে পাটিসাপটা গোগ্রাসে গিলে খায়।

হে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ গড শুনছো
তোমার মড ব্যালেন্স কত
অ্যাকাউন্ট স্টেটমেন্টে চোখ বুলিয়ে দেখেছ কি
তুমি কি জানো তোমার সিবিল স্কোরিং কত?

যাদের চিন্তার কারণ নেই তারাই ভগবান
তাদের কাছে আসলে তোমার প্রয়োজন নেই
ব্যাঙ্ক পাঠিয়ে দেয় মেসেজ তাদের কাছে
মড ব্যালেন্স যাদের শূন্যের কাছে পৌঁছে গেছে
এ ব্যাপারে গরীব দুঃখী মানুষের কোনও তফাৎ নেই
তোমার তো এসব জানার সময় নেই
কোনোদিনও ছিলনা ।

ব্যাঙ্কের অ্যাকাউন্ট তো বিভিন্ন দলের নেতার নামে
ভাগ্যিস একথা সবাই জানে না
আর তোমাকেও ঋণ নিতে হয় না।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]