
ব্যক্তিগত সংলাপ: তিন
এখন সময়টা বেখাপ্পা।
ক্রমশ অন্ধকার গিলে ফেলছে চরাচর,
দিক হারানো নৌকো ভেসে যাচ্ছে দূরে…
নদীর বুকে জেগে উঠছে নতুন নতুন চর,
রাত্রির নগ্ন শরীরে বিভাজিকার কুহক,
বাতাসে চক্রান্তের ফিসফিসানি।

ব্যক্তিগত সংলাপ: চার
মুদ্রিত কবিতার কথা ভুলে থাকতে হয়,
ভুলে থাকতে হয় শব্দের গায়ে লেপ্টে থাকা মুগ্ধতার কথা।
এক সময় যে সব শব্দ চয়নে ছিল গভীর ভালোবাসা,
তাদের প্রতি একটু উদাসীনতা না দেখাতে পারলে,
শব্দগুলো পায়ে শিকল পরাতে পারে।
বানচাল করে দিতে পারে সামনে পা ফেলার সব প্রচেষ্টা।

