
কীলক বৃত্তান্ত

১
লং শটে নড়ে বসেছে ছকের সাবওয়ে। ভুলে গেছ ওহমের মান নাকি ওমের ধ্যান! প্রবাহের পরম্পরা কিছুই দেখা যায় না। অজানা থাকে মগজের স্থানাঙ্ক… দখল প্রবণতা নিয়ে ধেয়ে আসে হাসির ট্রিগার। হনন সন্ধ্যায় লুটকালের দুরন্ত স্মৃতি নিয়ে ঝঞ্ঝার নৌকাযাত্রা… বাজারজাত উত্তাপ আর ফিফটি ফিফটি সুযোগে নিদারুণ খেলে যায় অলীক বল…

২
খুলি ফাটা আওয়াজ। মর্গের আলো নিভে গেলে জীবন্ত হয় লাশ। সিলিং থেকে নামছে রক্তছাপ সাদা বসন। ঘুমিয়ে আছে ম্লান জ্যোৎস্না । কাঁটা ঝোপ পেরিয়ে দূর আকাশের গায়ে ঘাপটি মারা ভল্লুকজ্বর মেঘ । কে জানে কোথায় অক্ষরাস্ত্র কুমীরের মতো শুকিয়ে তুলছে খাঁজ কাটা পিঠ… জলঘর সুরে ও স্বরে সাজাবে স্পর্ধা রাগ। দেখো, জমা ক্রোধ কিভাবে বেঁধে নেয় তার নিজস্ব কীলক বৃত্তান্ত…

