
অন্তবিহীন শান্তিতে
সভার আনাচে কানাচে যতসব কথা শোনো
সবটাই কবিতার নয়, আমার ও
যতসব শব্দ শোনো
সবটাই হাততালির নয়, হাহাকারের ও।
ভাবছো , আমি কেন দরজার কাছে শেষ আসনে বসে!
আসলে
পরিত্রাণের পথ আশেপাশে থাকাই ভালো
অন্তবিহীন শান্তিতে কে কবে শান্ত হয়েছে বলো

জেগে আছো
আদিগন্ত পুড়ে যাচ্ছে ফুটন্ত আর্তনাদে
মরা পাতার মত পড়ে আছে ঘৃণা
কালো ঘোড়ার মত ছুটে আসছে মধ্যরাতের ভাষা
পার্ক স্ট্রিট,জেগে আছো ?
প্রেমে পাপ না অপ্রেমে পুণ্য
এ সিদ্ধান্ত হবার আগেই
জীবন্ত শরীরে ঘটে যাচ্ছে অবিশ্বাস্য বিপ্লব
ঢং ঢং শব্দে ভাসছে দূরের কোন গির্জা
এ প্রান্তে-
পার্ক স্ট্রিট জেগে আছো ?
রাস্তা ভর্তি লোক না লোকভর্তি রাস্তা
এ সিদ্ধান্ত হবার আগেই
উপচে পড়ছে উন্নয়ন
পার্ক স্ট্রিট জেগে আছো, এখনও ?

[পরম্পরা ওয়েবজিন, ফেব্রুয়ারী ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

খুব ভালো লাগলো