
ইউক্লিডের মৃত্যু
ঘরের মধ্যে আছে অসংখ্য চতুষ্কোণ ঘর
কোথায় খুঁজবে অবসর?
প্রত্যেক খোঁজের মধ্যে অজস্র অণুপরমাণু
কোথায় মানুষ হবে তবে নতজানু?
মানুষের মধ্যে যদি এতো ভিন্ন মানুষের বাস
কার জন্য এই উল্লাস?
অথচ উল্লাসের মধ্যে লাশ থাকে ভিন্ন পোশাকে
সেই পোশাকের মধ্যে চতুষ্কোণী সুতো দিয়ে
কোটি কোটি ঘর বাঁধা থাকে
চতুষ্কোণ দিয়ে এই বৃত্তখানি আঁকবে কী করে
যুগে যুগে ইউক্লিড মাথা খুঁড়ে মরে

ধাঁধা
এই যে তুমুল যাপনবিহীন জীবন
তৎসহ এই জীবনবিহীন যাপন
কোনটা ধরবো কোনটা ছাড়বো – ধাঁধা
শিকড়বিহীন ভাসাই স্থিতিস্থাপন
শিকড়বিহীন আমার বোধিবৃক্ষে
দুলছে বৃক্ষবিহীন শিকড়বাকর
বৃক্ষ রক্ষা করতে শিকড় জুড়ে
পারবে বোধি মারতে পোকামাকড়
জিজ্ঞাসাহীন এই যে বাক্যবচন
বাক্যহীন এই জিজ্ঞাসাচিহ্নরা
এলোপাথারি মুহুর্মুহু সাদা
খাতার ওপর ছোটাচ্ছে সাত ঘোড়া

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]
