প্রতিটি গল্পের মধ্যে অনেক বাক্যের বসবাস
প্রতিটি বাক্যের মধ্যে অনেক শব্দের বসবাস
প্রতিটি শব্দের মধ্যে অনেক বর্ণের বসবাস
প্রতিটি শব্দের আর
প্রতিটি বর্ণের ফাঁকে ছোটোবড়ো নৈঃশব্দের বাস
প্রতিটি নৈঃশব্দের মধ্যে বাস করে দীর্ঘ দীর্ঘশ্বাস
প্রতি দীর্ঘশ্বাসে আছে অনেক গল্পের ইতিহাস

প্রতিটি গল্পের মধ্যে অনেক গল্পের বসবাস

বোমপন্থী কৃষক আন্দোলনের নেত্রীর
বেপাড়ায় চুপিচুপি বেনামি এনজিওতে
কর্মীদের চোদ্দঘন্টা দৈনিক ডিউটি আর
পিএফটিএফ বোনাসটোনাস কিস্যু নেই

সরকারী অফিসের দু’ঘন্টা কাজ
দু’ঘন্টা টিফিনঝিমুনি, দু’ঘন্টা তাস
সন্ধ্যায় ছেলের জন্য রচনা লেখেন –
সততা ও শ্রমদান – মেরা দেশ সুমহান

শরৎউপন্যাসে নারীশক্তি জাগরণ –
এ বিষয়ে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে
অধ্যাপক সন্ধ্যার কোচিংক্লাশে
ছাত্রীর গোপন উরুতে হাত রাখেন

শ্বেতশুভ্র পরমেশ্বর সন্তান মহান দেশনেতা
বাৎসরিক প্রজাতন্ত্র দিবসে
উপরোক্ত তিনজন বিশিষ্ট নাগরিককে
রাষ্ট্রীয় “কৃতিচক্র” সম্মানে ভূষিত করলেন

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]