
কথা ছিল
কথা ছিল একটা কাঁটার আঘাত ও
তোমায় কোনদিন ছুঁতে পারবে না।
বসন্তের শিমুল পলাশের মতো
তোমার চলার পথে ছড়ানো থাকবে শুধু ফুল।
আমি যতদিন বেঁচে থাকব ততদিন—
দুহাতে তোমার জীবনের সমস্ত অন্ধকার
সরিয়ে দেবো যোজন খানিক দূরে।
আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো
আলোয় আলোকিত করে তুলব তোমার চারপাশ।

যত শত্রু ও কাঁটা দুহাতে উপরে ফেলব বিষ বৃক্ষের মতো।
তুমি থাকবে অত্যন্ত সুরক্ষিত
আমার সবটুকু ভালোবাসা নিয়ে।
ঝিনুক যেভাবে নিজের বুকের মাঝে আগলে রাখে মুক্তাকে।
সে কথা কি সত্যি হয়েছিল
তোমার বা আমার কারো জীবনে?
কথারা কি সব সময় সত্যি হয়?
নাকি কথা কথার কথা হয়েই থেকে যায়!

