
প্রেমের কাহিনি

জলকে না চিনে যদি বলে ফেলি
জল কী ফেরাবে সেই কুঞ্জবীথি?
আমিও তোমার প্রেমে হব …
চাঁদকে ভুলিয়ে এনে কলঙ্ক মাখাব
ভালোবাসা থেকে যত চাঁদ নিভে গেছে
সে সমস্ত খুঁজে এনে
ঝিনুক খোঁজার ছল দিয়ে, তোমাকে সাজাব
আজও কি ক্লাস আছে তিনটে চল্লিশে?
ক্লাস কেটে পড়া হ্যান্ড ব্যাগে রেখে
আঁচল উড়িয়ে দাও, পশ্চিমা হাওয়ায়
সমুদ্র প্রবণ দিয়ে, সমস্ত চুলের বুক
খুলে দাও, তোমার গোপন গোল্ডেন বিচ
আমি সেই বুক দিয়ে মুছে দিই
পৃথিবীর সব কানাকানি
প্রতিটি প্রতিষ্ঠা শেষে
সুধাদির চোখ পেতে নিজেকে দেখতে গিয়ে
হেঁটে যাই রামায়ণ থেকে মহাভারতের
সমস্ত প্রেমের কাহিনি।

ঈশ্বরের খোঁজে
আমার সামনে খোলা অসহ্য চিৎকার
অপর পৃষ্টায় ছাপা মুখখোলা মানচিত্র নিয়ে
অচেনা দেহের অলিগলি পার হয়ে
যেখানে এলাম
সীমান্তের ভাষা নেই, কোনও গাছপালা, নদীকথা নেই
পথশুরু এবং বিশ্রামের ভঙ্গুর কিনারে
একা বসে আছো তুমি
তোমার সংগ্রহে যেটুকু উদ্ধার ছিল
ক্ষয়ে যেতে যেতে প্রান্তরেখায় হারিয়ে গেছে
সামান্য যেটুকু ঘাস এখনও রোদেলা
তুমি তার নামে যতটুকু বেঁচে আছো
তাই নিয়ে ফিরে যাচ্ছি …
আরও অনেক রোমাঞ্চিত শ্রাবণের মাটি খুঁড়তে খুঁড়তে
একদিন পৌঁছে যাবো নিজস্ব দুয়োরে।

