
সময়ের সঙ্গে

ছায়ার সঙ্গে অহরহ কথা বলতে বলতে
বুঝে উঠি একসময়
আসলে কথা বলছি প্রায়শই
নিজের ও সময়ের সঙ্গে
যে-কোনো জলচর প্রাণীর মতো
আমারও মিশে থাকা যে সময়ের সঙ্গে
হাজারো উদ্দিষ্ট ও স্বগতোক্তির মতো
ঘিরে থাকা এবং ডুবিয়ে রাখা
প্রবহমান সেই সময়ের সঙ্গে
আমার কথা হয় প্রায়শ এভাবেই
সেইসব কথোপকথনের আলো-আঁধারিতে
নিছক মানুষ থেকে পরতে পরতে আমি
ভাবুক ও নিশ্চিত ‘সামাজিক’ হয়ে উঠি
তা না-হলে সন্দেহ নেই
নির্ঘাত ‘মূর্খ ভারি, সামাজিক নয়’…
হয়ে উঠতাম দিনে দিনে
এভাবেই অন্তরঙ্গতা সাজিয়ে-গুছিয়ে নিয়ে
আমার সময়ের সঙ্গে
কথা হয় প্রায়শই আমার
গাঢ় সম্বন্ধের স্বর-ভঙ্গিমায়

স্বপ্নেই হারায়
কত স্বপ্ন স্বপ্নেই ভেসে যায়
স্বপ্নেই হারায় কত
কখনো বড়জোর বাস্তবের মতো
থমকে দাঁড়ায় দু’একটা ছিটেফোঁটা
স্বপ্নের কুঁড়ি থেকে ফুটে ওঠা ফুল হয়ে
তারা অবিশ্বাসীর কাছেও রেখে যায়
স্বপ্নে বিশ্বাস খানিক
বাদবাকি স্বপ্ন-যত স্বপ্নেই ভেসে যায়
যথারীতি তারা স্বপ্ন হয়েই আসে
এবং স্বপ্নেই হারায় অচিরে
অবচেতনের আধারে ছাপ কিছু রেখে
সেইসব বিগত স্বপ্নেরা শুধু
স্বপ্নভঙ্গের বিষাদকে রেখে যায়
কৃপণ করুণার মতো
ক্রমশ ফিকে হতে থাকা বিস্মৃতপ্রায়
স্বপ্নস্মৃতির টুকরোগুলো
ইতস্তত ছড়িয়ে-ছিটিয়ে থাকে কিছুকাল
ভাটার টানে ভেসে যাবে বলে

