
অলৌকিক
১
আর কিছু নয়, কে যেন বলেছিল
যদি পারো ‘শেষের কবিতা’র মতো ভালোবেসো
ভালোবাসি।
অনেকটাই পরিণামহীন
সমস্ত জীবন জুড়ে ছাতিমের গন্ধ হয়ে জুড়ে থাকে
ছড়িয়ে ছিটিয়ে এক আধটা সংলাপ এদিক সেদিক
লাবণ্য’র পরনে কালো রেশম শাড়ির মতন
খানিকটা শোক নিয়ে হাওয়ায় দুলতে থাকা আঁচল
আর কিছু নয়…
এ ভালোবাসায়,
কণামাত্র অনুতাপ এসে কোথাও এলোমেলো করবে না কোনও গার্হস্থ্য জীবন।

২
বহু কাল পার করে দিয়ে
এখন সুন্দরের ‘পর মন রেখেছি
কথোপকথন শেষে
মনে হয় বলি
মনের এ মাত্রাতিরিক্ত অনুশাসন সয় না
ছোট পালতোলা নৌকা
দৃষ্টি সুখ বয়ে আনে
সুন্দর দেখাও অন্তত মুখ শেষ একবার
দূরে… বহু দূরে…
অশ্রুর ন্যায় মেঘ
তুমি ভালোবাসা নিয়ে জলে নেমে যাচ্ছ
বিশ্বলোকের গায়ে
সাহানার শান্ত অভিমান…

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]
