
দীন – ঋণের খাতা
১
গল্প
তোমার খুব কাছের
আমি তো রুধির মেখে
তোমাকে জীবনের পাঠ শুনিয়েছিলাম
২
একটা শিশুর জন্ম হলে
ফুল দিয়ে সেজে ওঠে বাড়ি
আর মৃত্যুতে রজনীগন্ধা
৩
কে ছিল তোমার প্রথম নারী
তুমিই কেবল জানো
মানুষ প্রেমে পড়লে
একটা করে মিথের জন্ম হয়

৪
তোমার সাথে আমার দেখা আদিকালের
তোমার সাথে আমার দেখা ক্ষণকালীন
শুধু দুজনের মাঝে স্পর্ধা জন্ম নিলে
একে অপরের অচেনা হয়ে উঠি
৫
তুমি আমাকে বিরহের গান শুনিয়েছিলে
আমি শান্তির;
তুমি স্পর্ধা হলে
আমি সাম্যবাদী
আমার আবর্তন তুমি তুমি তুমি ঘিরে
আর তুমি ভুলে যাও জীবন কত ক্ষণস্থায়ী
৬
জন্ম – মৃত্যু , মৃত্যু জন্ম
এ আবর্তেই চলে জীবন
ভালোবাসা সম্পর্কের আলো
ভালোবাসা প্রদীপের নিচের অন্ধকার

