বুঝে নিতে জানি আকাঙ্ক্ষা আর প্রতারিত আখ্যান
কোন ফাঁক দিয়ে আলো এলে হয় চুরচুর অভিমান
আমি দেখে নিই পায়ের পাতা ডুবুডুবু হয় জল
বিপদ সীমার ওপরের উঠলে নিশ্বাস টলমল।

কোন ছোঁয়া জানি সুগন্ধ আর কোনটায় ভরা কূট
বিপন্নতায় কাঁধে রাখে হাত, কার কাছে শ্রেয় ছুট
নিজেকে আড়াল করতেও জানি খুলে দিতে জানি মন
পরিযায়ী হয়ে কে আসে জীবনে কে হয় আপনজন

এসবের পরে তবু আছে কত কুচি কুচি যন্ত্রণা
নিংড়ে বুকের রক্ত ঝরায় মনে করি ভাববো না
চেনা বালিশেতে অচেনা প্রহরী রাতঘুম নেয় কেড়ে
বিশ্বাস যেন পিছুহাঁটা দেয় মানবজমিন ছেড়ে

হারিয়ে ফেলি দৃপ্ত জুলুশ মুছে যায় গৌরবও
মননে আমার প্রস্ফুটিত ‘ আত্ম দীপ ভব ‘।

ভালোবাসবেন??
হারিয়ে যাওয়া রোমাঞ্চকে
হাত ছোঁয়ালে জলফড়িঙের
এ ফোঁড় ও ফোঁড় আকাশ ভাঙা উড়ানটাকে
ফিরিয়ে দেবেন?
ট্রেনের ভিড়ে অভিসারের অর্থটা ঠিক বুঝে নেবার
সেই সময়টা বুকের মধ্যে ভাসিয়ে দেবেন ?
গানের কলি উড়বে যখন
চোখের মধ্যে চোখটা রেখে
সাগর ফেনায় মুগ্ধ হবার
টুকরো ছুটির সেই অবকাশ ফিরিয়ে দেবেন?
বইয়ের পাতায় ভালোবাসার স্বপ্নমাখা তারিখগুলো যেইখানেতে ঘুমিয়ে আছে বছর বছর
একটুখানি পিছন হেঁটে ঠিক সেখানে
মুগ্ধ আলোয় মোমের বাতি জ্বালিয়ে দেবেন!
রিক্সাহুডে চেনামুখের আড়াল খুঁজে
নদীর স্রোতে ছলাৎছল শব্দটুকু সাজিয়ে দেবেন?

ভালোবাসবেন?
কোমল দিনের পেলবতায়
দৃষ্টিভাঙা উন্মাদনা
মাদুরভরে বিছিয়ে দিয়ে

ভালোবাসবেন??

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, জুন ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Tridibesh Bandyopadhyay
Tridibesh Bandyopadhyay
2 months ago

ভালো লেগেছে কবিতা।

আশিস সরকার
আশিস সরকার
1 month ago

কবিতা দুটি,ভালো লাগলো মিষ্টি!