রবির কফি হাউসে রবিবার সন্ধ্যের আড্ডায় আমরা তিনজন। বিশু সকালের বাসি কাগজ ওল্টাচ্ছিল। ডা. দীপ গম্ভীর গলায় বলল,”আচ্ছা বিশু,আজকের কাগজে শিশু হত্যার কোন খবর নেই?”
বিশু অবাক হয়ে বলল,”টেলিপ্যাথি!এই খবরটাই পড়ছিলাম,সাত মাসের শিশু কন্যাকে মায়ের সামনেই আছাড় মেরে হত্যা।মদ্যপ বাবা গ্রেপ্তার।”
দীপ গলা তুলে বলল,”যারা ঠান্ডা মাথায় সাত মাসের বেবীকে মায়ের সুরক্ষিত পেট থেকে ছাড়িয়ে নিয়ে হত্যা করে তাদের শাস্তি কী হওয়া উচিত?”
আমি বললাম,”একটু খুলে বল না বস্!”
দীপ জট খুলতে শুরু করল। “কানুবাবুর নার্সিং হোমে সকালে রাউন্ডে গিয়েছিলাম। সাকিনা কাঁদছিল। ওর মেয়ে জন্মাবার পর কাঁদেনি।কাছে যেতেই আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল,’ কেন এমন হল ডাক্তারবাবু?আমার তো কুনো অসুবিদা ছিলনা। তবু আমার আদমি একটার পর একটা ডাক্তার পাল্টি করে দেখাচ্ছিল। আপনার কাছেও দো দিন প্যাহেলে লিয়ে গিয়ে একই বাত বলল, লেড়কা না লেড়কি একটু বাতলে দিন। ছবিতে কী আছে? আপ ভি একই বাত বুললেন,আমি বলতে পারব না। রূপেয়া দিতে গেলে আপনি রেগে গেলেন।পরদিনই গোসাই ডাক্তারবাবুর কাছে লিয়ে গেল।উনি পেটে মেসিন লাগিয়ে ছবি দেখলেন।ফির ভিতরে হাত দিয়ে ভি চেক করলেন। ঘরে এসে খুব দরদ হচ্ছিল। আমার আদমি লিজে হাতে দো গোলি খাইয়ে দিয়ে বলল,দরদ কম হয়ে যাবে।লেকিন রাতভর ইতনা দরদ হলো,পানি ভি গিরে গেল।”

সিস্টার কে জিজ্ঞেস করলাম, “ডেলিভারি কে করল?”
“করতে হয়নি স্যার,আসার পাঁচ মিনিটের মধ্যেই প্লাসেন্টা সমেত বেরিয়ে এসেছে।”
দীপ আমার দিকে তাকিয়ে বলল,”এবার বল জিৎ, তুই তো অনেক লেখালেখি করিস। মায়ের পেটে শিশু কন্যা হত্যাকে তোর সাহিত্যের ভাষায় কী বলবি?”
“হত্যা বলছিস কেন? এটা তো প্রিম্যাচিওর ডেলিভারি।”
“সাকিনা লেখাপড়া জানেনা কিন্তু বুদ্ধিমতী।আমি ফিরে আসার সময় বলল,এই গোলির কাগজটা ঘরের মেঝেয় পড়ে ছিল। আমার আদমিই ফেলেছিল।কুনোদিন তো লিজের হাতে দাওয়াই খাইয়ে দেয়নি,তাই একটু খটমট লাগছিল।”
দীপ ট্যাবলেটের স্ট্রিপটা আমার হাতে দিতেই আমি আর বিশু দেখে নিয়ে বললাম,”চারটে ট্যাবলেট ছিল,দুটো খাইয়েছে, আর দুটো?”
“ভেতরে দিয়েছে। সাকিনা বলেছিল না,’ ভিতরে হাত দিয়ে ভি চেক করল।’ যার কোনো প্রয়োজনই ছিল না,কারণ ঐ ট্যাবলেটগুলো হচ্ছে অ্যাবরিটিফিসিয়েন্ট যা গর্ভপাত করায়।অর্থাৎ পরিকল্পিত খুন।”
কারও মুখে আর কোনো কথা নেই। কফির কাপে তুফানের পরিবর্তে শ্মশানের নিস্তব্ধতা।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, অক্টোবর ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dr Dipak Banerjee
Dr Dipak Banerjee
54 minutes ago

শিশু কন্যা হত্যা, ভ্রূণ অবস্থা বা তার পরের অবস্থায়,
এক সামাজিক অপরাধ। নারীজাতির প্রতি সম্মান, সহমর্মিতা, সমঅধিকার ইচ্ছার পোষণ, সুস্থ উন্নত সমাজ গড়ে তুলবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মা দুর্গার আরাধনা।
এই উৎসবের সময়ই সংকল্প থাক নারীজাতির প্রতি সম্মান ও সুরক্ষার।
সদ্য এশিয়ান গেমসে প্রথম সোনা আসে মেয়েদের হাত থেকে। এ ছাড়াও পদক সংখ্যায় মান রেখেছে মেয়েরাই!